রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

0
21
রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনদের হাতে সহকর্মী হেনস্তা হওয়ার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল সূত্র জানা গেছে, সকাল থেকে কর্মবিরতি পালনের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন। বুধবার সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা।

ইন্টার্ন ডক্টর সোসাইটির প্রতিনিধি তানভীর আহমেদ তৌকির বলেন, “রবিবার ও সোমবার পরপর দুইদিন তিনজন ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন। রবিবার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে দুজন ইন্টার্ন চিকিৎসক রোগীর স্বজনদের দ্বারা হেনস্তার শিকার হন। সোমবার রাতে ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসককে একদল লোক ঘিরে ধরে হেনস্তা করে। এই ঘটনাগুলোর কোনো সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।”

ইন্টার্ন চিকিৎসক আবিরা সুলতানা বলেন, “আমরা প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দেই। তবে, কর্মস্থলে আমাদের কোনো নিরাপত্তা নেই। বারবার হেনস্তার শিকার হতে হচ্ছে। নিরাপদ কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার একটি বড় অংশ সামাল দেন। তারা কর্মবিরতিতে থাকায় ওয়ার্ডগুলোতে চিকিৎসকের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে জরুরি বিভাগ ও ভর্তি হওয়া রোগীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় ধীরগতি লক্ষ্য করা গেছে।

হাসপাতালে ভর্তি এক রোগীর স্বজন জানান, হাসপাতালে ডাক্তারদের মধ্যে ইন্টার্নরাই সবচেয়ে বেশি সময় দেন। তারা কাজ বন্ধ রাখায় রোগীর চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া দরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here