এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু, চলবে ২৩ অক্টোবর পর্যন্ত

0
50

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন আজ শুক্রবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে এই আবেদন করতে পারবেন। প্রতি বিষয়ের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পুনঃনিরীক্ষণের জন্য আবেদন শুধুমাত্র অনলাইন মাধ্যমেই গ্রহণ করা হবে। কোনো শিক্ষার্থীকে শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি প্রযোজ্য হবে। আবেদনকারীকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেখানে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর এসএমএস পাঠানো হবে।

শিক্ষার্থীরা পরবর্তী ধাপে বিষয়ভিত্তিক ফল দেখতে পাবেন এবং এক বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণের জন্য বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। প্রদেয় ফি বিকাশ, নগদ, সোনালী সেবা, ডিবিবিএল রকেট বা টেলিটক মোবাইল সিমের মাধ্যমে পরিশোধ করা যাবে।

তবে একবার ফি পরিশোধের পর আবেদন বাতিল বা সংশোধন করা যাবে না এবং কোনো অবস্থাতেই ফি ফেরত দেওয়া হবে না।

উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত ২০ বছরে সর্বনিম্ন। আর জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৯ হাজার ৯৭ জন। গত বছরের (২০২৪) চেয়ে এবার পাসের হার প্রায় ১৮ শতাংশ কমেছে এবং জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।