কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৬টার দিকে তাদের আটক করা হয়।
জানা গেছে, শুক্রবার সকাল ৬টার দিকে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার মধ্যে তারা ঘোরাঘুরি করছিলেন। এ সময় সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। সূত্র জানায়, প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি এবং কুতুপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় অবস্থান করছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা এখনো কক্সবাজারের ওই ক্যাম্পগুলোতে অবস্থান করছেন।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা রোহিঙ্গা কি না, তা যাচাইবাছাই চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।