জুলাই সনদে ‘জুলাইযোদ্ধাদের’ দাবির পরিপ্রেক্ষিতে জরুরি সংশোধন হচ্ছে: আলী রীয়াজ

0
63

জুলাইযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে ‘জুলাই সনদ’-এ জরুরি সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাইযোদ্ধাদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ড. আলী রীয়াজ বলেন, জুলাইযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে, যা চূড়ান্ত সনদে থাকবে। এই সংশোধিত অংশে তাদের স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, এসব বিষয়ে কমিশন এবং দলগুলোর মধ্যে কোনো পার্থক্য নেই।

তিনি আরও বলেন, “কমিশন ৩১ অক্টোবর পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়। সরকারের ব্যবস্থার দিকে নজর রাখব।” তিনি বিকেলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে উল্লেখ করে আন্দোলনরত জুলাইযোদ্ধাদের মঞ্চ থেকে চলে যাওয়ার আহ্বান জানান।

তবে তার কথায় রাজি হননি জুলাইযোদ্ধারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জুলাইযোদ্ধাদের সংসদ ভবন এলাকার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এর আগে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামে জুলাইযোদ্ধাদের সংগঠনটি তিন দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেয়। তাদের দাবিগুলো ছিল:

১. জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।

২. আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।