পেরুতে জেন-জি বিক্ষোভে উত্তাল, সংঘর্ষে নিহত ১

0
49

এবার দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় জেন-জি (Gen Z) নেতৃত্বাধীন সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের সময় দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একজন নিহত এবং শতাধিক আহত হয়েছেন, যাদের মধ্যে অনেক পুলিশ সদস্যও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুসারে, বুধবার দেশটির রাজধানী ছাড়াও আরও কয়েকটি শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

গত সপ্তাহে পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তেকে অভিশংসনের পর হোসে জেরি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। তার শপথের মাত্র এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশজুড়ে এই বিক্ষোভ শুরু হয়েছে।

পেরুর জেন-জিদের এই বিক্ষোভে অংশগ্রহণকারী জনগণ দেশের রাজনৈতিক নেতৃত্বের কাছে অপরাধ ও দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। তবে প্রেসিডেন্ট জেরি বলেছেন, অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষোভকারীদের মাঝে অপরাধীরা অনুপ্রবেশ করেছে। তিনি পুলিশের সঙ্গে সংঘর্ষে বিক্ষোভকারীর প্রাণহানির ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

প্রেসিডেন্ট জেরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিক্ষোভকারী এদুয়ার্দো রুইজ সায়েঞ্জের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করলেও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি। অন্যদিকে, দেশটির বামপন্থী সংসদ সদস্য রুথ লুকুয়ে প্রাথমিক তথ্যের বরাত দিয়ে বলেছেন, নিহত হিপহপ শিল্পী বুকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে, সাধারণ পোশাক পরা এক পুলিশ সদস্য ওই সংগীতশিল্পীকে গুলি করেছেন। প্রেসিডেন্ট জেরি জানিয়েছেন, এই ঘটনা কীভাবে ঘটেছে এবং এর জন্য কে দায়ী তা নিরপেক্ষভাবে তদন্ত করা হবে।

প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে ‘স্থায়ী নৈতিক অবক্ষয়ের’ অভিযোগে দেশটির সংসদে অভিশংসিত হওয়ার পর গত শুক্রবার সংসদের প্রধান হিসেবে হোসে জেরি দায়িত্ব গ্রহণ করেন। বিগত আট বছরে পেরুর সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে এসেছেন জেরি। সংবিধান অনুযায়ী, সংসদের স্পিকার হিসেবে তিনিই পরবর্তী দায়িত্ব গ্রহণ করেন এবং আগামী বছরের এপ্রিল পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানের দায়িত্ব পালন করবেন, যখন দেশটিতে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তবে জেরি দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মধ্যেই রাজনৈতিক নেতাদের প্রতি জনগণের তীব্র ক্ষোভ দেখা দিয়েছে এবং তরুণরা তার পদত্যাগ দাবি করছেন।

সূত্র: বিবিসি