আশুগঞ্জে পাথরবাহী ট্রাকে অভিযান: ৩০ লক্ষ টাকার ভারতীয় শাড়িসহ ৩ জন গ্রেপ্তার

0
53

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাথরবাহী একটি ট্রাকে অভিযান চালিয়ে ৬২০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকের তিন আরোহীকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সোনারামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের রাজমনি হোটেলের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আমিনুর রশিদ (৪২), জামাল হোসেন (৩৭) ও মো. শাহেদ (২০)। তাদের বাড়ি সিলেট ও যশোর জেলায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাকে তল্লাশি চালানো হয়। এ সময় পাথরের নিচে কৌশলে লুকিয়ে রাখা ৬২০ পিস ভারতীয় সিল্ক শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়িগুলোর বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

তিনি আরও জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিলেট সীমান্ত দিয়ে আনা এই শাড়িগুলো বাজারজাতের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।