লক্ষ্মীপুরের কমলনগরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আব্দুর রব হাজী বাড়িতে এই ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০-১২ সদস্যের ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদেরকে একটি কক্ষে বেঁধে রেখে ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী রিয়াজ হোসেন হলেন উপজেলার করুনানগর বাজারের লামিয়া বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী এবং প্রবাসী আলমগীর হোসেনের ছেলে। শনিবার (১৮ অক্টোবর) সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিবারের সদস্যরা জানান, রাতে সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন ডাকাতদল হঠাৎ দরজা ভেঙে বাসায় প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যবসায়ী রিয়াজসহ পরিবারের সদস্যদেরকে একটি কক্ষে নিয়ে বেঁধে রাখে। এরপর ডাকাতরা ঘরে থাকা টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন।
ব্যবসায়ী রিয়াজ হোসেন জানান, তার বাবা আলমগীর কিডনিজনিত রোগে আক্রান্ত। তার চিকিৎসার প্রয়োজনে ব্যয় করার জন্য বাবার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা এনে ঘরে রাখা হয়েছিল। এছাড়া বাসায় নারীদের ব্যবহারের ৮ ভরি স্বর্ণালংকার ছিল, যা ডাকাতদল লুট করে নিয়ে গেছে।
কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল হাসান বলেন, ডাকাতির ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি এবং কেউ আটকও নেই। তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।