২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে শহীদদের নামে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মনে করেন, এতে এই আন্দোলন আগামী প্রজন্মের জন্য প্রেরণা যোগাবে।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হেফাজত ইসলামের মহাসমাবেশ ও মোদিবিরোধী আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
আসিফ মাহমুদ বলেন, ২০১৩ সালে হেফাজত ইসলামের আন্দোলনেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। তাঁর মতে, সেদিন সরকার নিরপরাধ হেফাজত কর্মীদের হত্যা করে ভেবেছিল, জুলুম-নির্যাতনের বিরুদ্ধে গণমানুষের আন্দোলনকে স্তব্ধ করা যাবে। কিন্তু এই অনুদান প্রদান অনুষ্ঠান প্রমাণ করে, জুলুম ও নির্যাতন কখনো স্থায়ী হয় না।
উপদেষ্টা আরও বলেন, হেফাজত ইসলামের সেই আন্দোলনের সূত্র ধরেই ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের জন্ম হয়, যার তীব্রতার মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।
আসিফ মাহমুদ বলেন, ২০১৩ সালে তিনি নবম শ্রেণীতে পড়তেন এবং টেলিভিশনে লাখো জনতার আন্দোলন দেখেছিলেন, কিন্তু সেদিনের প্রকৃত তথ্য জাতিকে জানানো হয়নি।
তিনি ঘোষণা দেন, হেফাজত ইসলামের শহীদদের নামের তালিকা সম্বলিত একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ শাপলা চত্বরে তৈরি করা হবে।
অনুষ্ঠানে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞে শহীদ ৫৮ জন এবং ২০২১ সালের মার্চে মোদিবিরোধী বিক্ষোভ কর্মসূচিতে শহীদ ১৯ জনের পরিবারের কাছে ১০ লক্ষ টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।