শনিবার (১৮ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর জরুরি পরিস্থিতি সামলাতে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে একটি অডিও বার্তা দিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।
গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, আগুন নিয়ন্ত্রণের জন্য শাহজালাল বিমানবন্দরের ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবাহিনী ফায়ার ইউনিট এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরাও কাজ করছেন।
সাংবাদিকদের প্রতি তিনি বিশেষভাবে অনুরোধ জানিয়ে বলেন, “আমরা এখন একটা ইমারজেন্সি হ্যান্ডেল করছি। এই সময় আপনারা ফোন দিয়ে আমাদেরকে একটু মানে অন্যদিকে ডাইভার্ট করবেন না প্লিজ। আমাদেরকে সহযোগিতা করুন। একটা সমস্যা হয়েছে। আমরা সকলে মিলে এই সমস্যা উত্তরণের চেষ্টা করছি। আপনারা তথ্য পাবেন। সময় অনুযায়ী তথ্য পাবেন। আমাদেরকে এখন এই ইমারজেন্সিটাকে নিরাপদে হ্যান্ডেল করার জন্য সুযোগ দিন প্লিজ।”
দুপুর আড়াইটায় বিমানবন্দরের কার্গো সেকশনের কুরিয়ার শাখায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে এবং আরও ৮টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছে। ফায়ার সার্ভিস ছাড়াও বিমানবাহিনী ও বিজিবিও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।