জরিপ শেষে বন্যাকবলিতদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
1
জরিপ শেষে বন্যাকবলিতদের পুনর্বাসন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক বন্যায় দেশের যেসব এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে সরকারের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির জরিপ চলছে। জরিপ শেষ হওয়ার পর ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে, যাতে তারা দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।

ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের কথা শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশনা দেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারের জেলা প্রশাসক, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজলসহ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিমানবন্দরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময়ের পর তিনি নিজ নির্বাচনি এলাকা পেকুয়া উপজেলায় যান। সেখানে বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, ত্রাণ বিতরণ করেন এবং পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here