দীপাবলির আগেই বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার পরিবারে এসেছে নতুন অতিথি। গত শনিবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন পরিণীতি। বর্তমানে মা ও নবজাতক দুজনেই ভালো আছেন।
শনিবার সন্ধ্যা থেকেই পরিণীতির হাসপাতালে ভর্তির খবর নিয়ে গুঞ্জন চলছিল। অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো। বাবা হওয়ার আনন্দ নিজেই ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন রাঘব চাড্ডা। এক বিবৃতিতে তিনি লিখেছেন, “অবশেষে আমাদের পুত্র এসে গেছে। আমাদের আগের জীবনটা এখন যেন একদম অস্পষ্ট। আমাদের হৃদয় এখন সম্পূর্ণ।”
রাঘব আরও যোগ করেন, “আগে আমরা শুধু দুজন ছিলাম, কিন্তু এখন আমাদের জীবনে এসেছে এক নতুন আলো। পরিণীতি এবং রাঘবের পক্ষ থেকে অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতা রইল।”
পরিণীতি ও রাঘব গত বছরের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের আগস্ট মাসে তারা তাদের প্রথম সন্তানের আগমনের সুখবর জানিয়েছিলেন। এই নতুন অতিথির আগমন তাদের জীবনে নতুন আনন্দের সন্ধান নিয়ে এসেছে এবং ভক্তদের মধ্যেও ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।