মাদক মামলায় জামিনের পর সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার সেলিম প্রধান

0
52

ক্যাসিনোকাণ্ডে আলোচিত ব্যবসায়ী সেলিম প্রধানকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২২ অক্টোবর) ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।

দুদিন আগে, অর্থাৎ সোমবার (২০ অক্টোবর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা শিউলি মাদক মামলায় সেলিম প্রধানের জামিন মঞ্জুর করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান জোনাল টিমের পুলিশ পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আজ শুনানির জন্য সেলিম প্রধানকে আদালতে আনা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে তাকে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, তদন্তে জানা গেছে— সেলিম প্রধান আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারী এক নিষিদ্ধ ঘোষিত সংগঠনের অর্থ যোগানদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে কাজ করছিলেন। তিনি দেশবিরোধী প্রচারণা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে অর্থায়ন করেছেন বলে অভিযোগ রয়েছে।

তদন্ত কর্মকর্তার ভাষ্যে, সেলিম প্রধানের সরকার ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং তিনি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের আর্থিক সহায়তা দিতেন। তদন্তের প্রয়োজনে ভবিষ্যতে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়।

গত ২২ এপ্রিল সকালে গুলশান-১ এর ১৩৬ নম্বর রোডে জব্বার টাওয়ারের পাশে সরকারবিরোধী কার্যকলাপের অভিযোগে ৩০-৩৫ জনকে ঘিরে পুলিশ অভিযান চালায়। ওই সময় পাঁচজনকে আটক করা হয়, বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই গুলশান থানার পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর রাতে গুলশানের বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস নামের একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ নয়জনকে আটক করা হয়। ওই সময় ৬ দশমিক ৭ কেজি সীসা উদ্ধারের দাবি করে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে।

বর্তমানে সেলিম প্রধানকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জেলহাজতে রাখা হবে বলে আদালত নির্দেশ দিয়েছেন।