ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সিরিজ জিতলো বাংলাদেশ

0
63

দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হারের ধাক্কা সামলে তৃতীয় ও শেষ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজের অলিখিত ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করেছে টাইগাররা। রানের দিক থেকে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ জয়। এর আগে ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়ে দেশের সবচেয়ে বড় জয়টি পেয়েছিল তারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এদিন সাইফ হাসান ও সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ শুরুতেই শক্ত ভিত্তি পায়। এই দুই ব্যাটার উদ্বোধনী জুটিতে ১৭৬ রান যোগ করেন।

তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় তিনশো রানের পুঁজি পেতে ব্যর্থ হয় স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

সাইফ হাসান ৭২ বলে ৮০ রান করেন। অন্যদিকে ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন সৌম্য সরকার, তিনি করেন ৮৬ বলে ৯১ রান। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৪৪ ও তাওহিদ হৃদয় ২৮ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আকিল হোসেন নেন সর্বোচ্চ ৪টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে টাইগার স্পিনারদের ঘূর্ণিতে শুরু থেকেই ধুঁকতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়ানরা। অ্যালিক অ্যাথানেজ ১৫, ব্রান্ডন কিং ১৮, শাই হোপ ৪ ও আকিম অগাস্ট রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। নাসুম ও রিশাদদের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩০ ওভার ১ বলে ১১৭ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন আকিল হোসেন।

বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ৩টি করে উইকেট নেন। এছাড়া মেহেদী মিরাজ ও তানভীর ইসলাম শিকার করেন ২টি করে উইকেট।