বিটিভি’র নির্বাহী প্রযোজক মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু

0
60

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নির্বাহী প্রযোজক (অনুষ্ঠান) মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশেষ কমিটি।

বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক বিশিষ্ট গীতিকার ও সুরকার হাশিম উদ্দিন এবং সদস্য সচিব পলাশ সাউয়ের লিখিত অভিযোগের ভিত্তিতেই মাহবুবা ফেরদৌসের বিরুদ্ধে এই বিচার প্রক্রিয়া শুরু হয়। অভিযোগে বলা হয়েছে, তিনি অনুষ্ঠান প্রযোজনায় দুর্নীতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন (দুদক), অডিট বিভাগ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থাও তার বিরুদ্ধে তদন্ত করে অভিযোগপত্র জমা দিয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিক প্রতিবেদনও প্রচারিত ও প্রকাশিত হয়েছে।

এর আগে, কয়েক মাস আগে প্রধান উপদেষ্টাকে নিয়ে বিটিভিতে প্রচারিত একটি ব্যঙ্গাত্মক নাটকের ঘটনায় মাহবুবা ফেরদৌসকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। ওই ঘটনায় দুইজন অনুষ্ঠান প্রযোজককে বরখাস্ত করা হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর, তথ্য উপদেষ্টা, তথ্য সচিব এবং গণমাধ্যমকর্মীদের সহযোগিতায় দুর্নীতির এই অভিযোগে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সংস্কৃতি ও শিল্পী অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা হাশিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, “বিচার প্রক্রিয়া শুরু হওয়ায় আমরা কৃতজ্ঞ। যারা সহযোগিতা করছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ।”