রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় ৩ সপ্তাহে ৫ কোটি টাকার জাল ধ্বংস, ১৬৪ জেলেকে কারাদণ্ড

0
41

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ শিকারের অপরাধে রাজবাড়ীতে নিষেধাজ্ঞার প্রথম তিন সপ্তাহে (৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর) ৫ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সময়ে ১৬৪ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সরকারের নিষেধাজ্ঞা অনুযায়ী গত ৪ অক্টোবর থেকে নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ রয়েছে। এই সময় নিষেধাজ্ঞা অমান্য করে অনেক অসাধু ও মৌসুমি জেলে মা ইলিশ শিকার করলে তাদের আটক করে জেল-জরিমানা করা হচ্ছে।

গত ৪ অক্টোবর থেকে ২৩ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত পরিচালিত ১৫৯টি অভিযানে ৫২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১০৪৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ২৬ লাখ ৭২ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৫ কোটি ১৬ লাখ ৮৬ হাজার টাকা। এছাড়াও ১৬৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। ২২ জনের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জেলেদের ১ লাখ ২২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে আটক নৌকাগুলো নিলামে বিক্রি করে ৯৭ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক জানান, সরকার কর্তৃক এই নিষেধাজ্ঞা শতভাগ বাস্তবায়ন করতে মৎস্য বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী শেষ দিন পর্যন্ত মাঠে থাকবে।