শুকানি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে ২ শিশুসহ ৬ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

0
86

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শুকানি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে দুই শিশুসহ ৬ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ৪৬ ব্যাটালিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের শুকানি সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

আটক ব্যক্তিরা হলেন—পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান এলাকার সঞ্জয় কুমার রায় (৩৪), শ্রীমতী বিসায়া রাণী (৩০), তাতময় রায় (০৩) ও বর্ণা রাণী (০৯); এবং আটোয়ারী উপজেলার রাঁধা নগর ইউনিয়নের ছোটধাপ এলাকার শ্রীমতী ব্রিতি রাণী (১৮) ও নবদিপ চন্দ্র বর্মন (২২)।

বৃহস্পতিবার সন্ধ্যার পর পুলিশ সবাইকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। বৃহস্পতিবার রাতেই এই তথ্যটি জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার শুকানি বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের ৪৬ মদনবাড়ী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গত মঙ্গলবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের সময় এই ৬ জন বাংলাদেশিকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বৃহস্পতিবার সকালে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের বিষয়টি নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নকে জানায় বিএসএফ। পরিচয় যাচাইয়ের পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেয় বিজিবি।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, ‘অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে বিএসএফের হাতে আটক ৬ বাংলাদেশি নাগরিককে থানা পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’