কাথুলী-কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৬০ বাংলাদেশি ফেরত দিলো বিএসএফ

0
34

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ও কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী, শিশু এবং তৃতীয় লিঙ্গসহ মোট ৬০ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২৫ অক্টোবর) বিএসএফ এই ৬০ জন বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্রে জানা গেছে, এদিন সকালে বাংলাদেশের অভ্যন্তরে কাথুলী ও কাজিপুর বিওপি সীমান্ত এলাকার প্রায় ১০০ গজ ভেতরে বিএসএফ ও বিজিবির কোম্পানি কমান্ডার পর্যায়ে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিএসএফ আটককৃত ৬০ জন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

জানা যায়, ফেরত আসা ব্যক্তিদের বাড়ি কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায়। তারা বিভিন্ন সময় দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। পরে বিএসএফ তাদের আটক করে।

বিজিবির কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিকভাবে তাদের গাংনী থানায় হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে ভারত থেকে হস্তান্তর হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’