কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বিশেষ অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন ছয়জন পুলিশ সদস্য। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। হামলার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শনিবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার কোদালকাঠি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
হামলার কারণ ও বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সরকার উৎখাতের পরিকল্পনা এবং ‘জুলাই সনদ’ বাতিলের দাবিতে এলাকায় পোস্টার টানানোর খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ছক্কুর নেতৃত্বে থাকা একদল লোক পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ছক্কুকে আটক করলে হামলাকারীরা তাকে ছিনিয়ে নেয়।
হামলায় এসআই গোলাম মোস্তফা, এএসআই আহসান হাবিব, এএসআই জয়ন্ত, কনস্টেবল ইয়াছিনসহ মোট ছয়জন পুলিশ সদস্য আহত হন।
মামলা ও গ্রেপ্তার: ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০০–৪০০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উত্তর চর সাজাই মন্ডলপাড়া এলাকার আব্দুর রহিম আহমেদ (২৫) ও ইয়াকুব আলী (২৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজিবপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি লক্ষ্য করেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়তে শুরু করে। হামলায় আমাদের ছয়জন সদস্য আহত হয়েছেন। আমরা ইতোমধ্যে দুইজনকে আটক করেছি।”