যশোরের ইজিবাইক চালক জাহিদুল হত্যা মামলার আসামি হবিগঞ্জে গ্রেপ্তার

0
41

যশোরের ইজিবাইক চালক জাহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আশরাফুল ইসলাম আশাকে (৪০) হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন।

আসামী আশরাফুল যশোর জেলা সদরের শেংকরপুর গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে।

যেভাবে গ্রেপ্তার হয়: বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে যশোর কোতয়ালী মডেল থানার ইজিবাইক চালক জাহিদুল হত্যা মামলার আসামি আশরাফুল ইসলাম আশা গ্রেপ্তার হন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

মামলার বিবরণ: মামলার বিবরণে জানা যায়, জাহিদুল ইসলাম ও আশরাফুল ইসলাম আশা যশোর জেলার কোতয়ালী মডেল থানা এলাকায় ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত ১৮ অক্টোবর তাদের দুজনের মধ্যে ইজিবাইক চালানোর প্রতিযোগিতা হয়েছিল, যা নিয়ে মনোমালিন্য সৃষ্টি হয়।

এই মনোমালিন্যের জের ধরে যশোর জেলার কোতয়ালী মডেল থানার আশ্রম রোড সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের সামনে তাদের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আশা ক্ষিপ্ত হয়ে পাশে থাকা কাঠ দিয়ে জাহিদুলের মাথায় আঘাত করেন। এতে জাহিদুল মাটিতে পড়ে গুরুতর আহত হন।

আশা নিজেই আহত জাহিদুলকে ইজিবাইকে করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে সেখানে রেখে পালিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জাহিদুলের ছোট ভাই বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই পরিপ্রেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে আসামি আশাকে গ্রেপ্তার করে।