আদালতের নির্দেশে আরও একটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নবনিবন্ধিত দলটির নাম বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি), যার প্রতীক নির্ধারণ করা হয়েছে ‘হাতি’।
রবিবার (২৬ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী বাংলাদেশ রিপাবলিকান পার্টিকে সাময়িকভাবে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিবন্ধন বহাল থাকবে। দলটির নিবন্ধন নম্বর ৫৭।
বিআরপি চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয় সেদিন নির্বাচন ভবন থেকে নিবন্ধন সনদ গ্রহণ করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, “গণতন্ত্রের বিজয় হয়েছে, আমি ন্যায়বিচার পেয়েছি।”
এর আগেও আদালতের আদেশে দল নিবন্ধনের নজির রয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ লেবার পার্টি একইভাবে নিবন্ধন পায়।
২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধন পদ্ধতি চালু করে। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫৭টি হলেও, এর মধ্যে আওয়ামী লীগসহ পাঁচটি দলের নিবন্ধন স্থগিত বা বাতিল অবস্থায় রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া এখনো চলমান। ইসি সূত্রে জানা যায়, ২২টি দলের সরেজমিন যাচাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও প্রায় এক ডজন দলের বিষয়ে পুনঃতদন্ত চলছে। সব শর্ত পূরণ হলে নতুন দলগুলোর নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশ করবে কমিশন।