নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে বডি-অন-ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

0
47

আগামী জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যাপ্ত সংখ্যক বডি-অন-ক্যামেরা দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা।

প্রধান উপদেষ্টা বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সম্ভাব্য সব প্রস্তুতি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে হবে। ভোটারদের মধ্যে এমন আস্থা তৈরি করতে হবে যাতে তাঁরা মনে করেন, নির্বাচনের পরিবেশ নিরাপদ ও স্বচ্ছ।”

তিনি নির্দেশ দেন, ডিসেম্বরের মধ্যেই বডি-অন-ক্যামেরা ক্রয় ও প্রশিক্ষণ কার্যক্রম শেষ করতে, যাতে নির্বাচনকালে সম্ভাব্য সহিংসতা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা যায়। প্রফেসর ইউনূস আরও বলেন, “আইন প্রয়োগে সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এমন কাঠামো গড়ে তুলতে হবে, যেখানে অস্থিতিশীলতার কোনো সুযোগ থাকবে না।”

বৈঠকে ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বর্তমানে দেশে যে বডি-অন-ক্যামেরাগুলো মজুত আছে, তা ব্যবহার করে প্রাথমিক প্রশিক্ষণ ইতোমধ্যে শুরু হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নতুন ক্যামেরা পৌঁছালে প্রতিটি জেলায় পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি যোগ করেন, “বডি-অন-ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্রের পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণের পাশাপাশি প্রতিটি থানা ও জেলা পুলিশ কার্যালয় থেকেও তদারকি সম্ভব হবে।”