সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দয়ামীর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের মো. সফিক মিয়ার ছেলে মো. হারুন মিয়া (৩১) (প্রাইভেট কার চালক) ও নিহত হারুনের মেয়ে আনিসা (৮)।
ওসমানীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন যাত্রীবাহী বাস-এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক হারুন মিয়া ও তার মেয়ে আনিসা নিহত হন এবং আরও চারজন আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ সরকার জানান, দুর্ঘটনা কবলিত বাস ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।