জুলাই-আগস্ট আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের দুই মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ (রোববার) ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন। অন্য দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
গত ২৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার জুলাই-আগস্ট আন্দোলনকালে সংঘটিত হত্যাযজ্ঞে সহযোগিতাসহ মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট আটটি অভিযোগে ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করে প্রসিকিউশন। এরপর শুনানিতে অভিযোগগুলো উপস্থাপন করা হয় এবং আদালত তা আমলে নিয়ে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করেন।
গত ২৮ অক্টোবর ইনুর আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগের অংশ পড়ে শোনান এবং সব অভিযোগ অস্বীকার করে অব্যাহতির আবেদন করেন। তিনি ট্রাইব্যুনালকে অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনার অনুরোধ জানান। তবে প্রসিকিউশন দাবি করে, জুলাই-আগস্ট আন্দোলন দমনে শেখ হাসিনার সঙ্গে ইনুর কথোপকথনের মাধ্যমেই তার কমান্ড রেসপনসিবিলিটি (দায়িত্বশীল ভূমিকা) প্রমাণিত হয়েছে, ফলে তার বিরুদ্ধে অভিযোগ গঠনই যথাযথ হবে।
একই মামলায় মাহবুবউল আলম হানিফ ছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা—এই চারজনের বিরুদ্ধেও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়েছে।
তাদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ হলো—
১. উসকানিমূলক বক্তব্য প্রদান,
২. ষড়যন্ত্রমূলক তৎপরতা, এবং
৩. কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার নেতৃত্ব বা সহযোগিতা।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, আবদুস সোবহান তরফদার, আবদুস সাত্তার পালোয়ান প্রমুখ।
গত বছরের ২৬ আগস্ট উত্তরা থেকে গ্রেপ্তার হন হাসানুল হক ইনু, বর্তমানে তিনি কারাগারে আছেন। অন্যদিকে, হানিফ ও তিন আসামি পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শুনানিতে অংশ নেন। ট্রাইব্যুনাল আগেই তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়।
জুলাই-আগস্ট আন্দোলনের সময় কুষ্টিয়ায় সংঘটিত সংঘর্ষে ছয়জন নিহত ও বহু মানুষ আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তদন্ত শেষে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে, যা আজ আদেশের পর্যায়ে পৌঁছেছে।
আজকের আদেশে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেবে—ইনু, হানিফসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কিনা, নাকি তারা অব্যাহতি পাবেন।