পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর শাখার মুখপাত্র জেবা

0
74

চাঁদাবাজির অভিযোগে বাতিল হওয়া কমিটিগুলো পুনর্বহালের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার মুখপাত্র কাজী জেবা তাহসিন পদত্যাগ করেছেন।

রোববার (২ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সোমবার (৩ নভেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন তিনি।

জেবা তাহসিন তার পদত্যাগপত্রে লেখেন— “আমি কাজী জেবা তাহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি—এই পথচলা আমার জীবনের এক মূল্যবান অধ্যায়। কিন্তু ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি বৈছাআ ফরিদপুর জেলা মুখপাত্র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।”

তিনি আরও লেখেন—“এই পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট থাকবে। বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে আমি এই আন্দোলনের সঙ্গেই থাকব, হয়তো ভিন্ন ভূমিকায়।”

পদত্যাগের কারণ প্রসঙ্গে তিনি বলেন, “আমরা আশা করেছিলাম দেশে অনিয়ম ও দুর্নীতি থাকবে না, সেবায় স্বচ্ছতা আসবে—কিন্তু বাস্তবে তা হয়নি। তিন মাস ধরে ভেবে-চিন্তেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।”

উল্লেখ্য, চাঁদাবাজির অভিযোগে আলোচিত ঘটনাগুলোর পর গত ২৭ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সব কমিটি স্থগিত করা হয়েছিল। তবে গত ২ নভেম্বর সংগঠনের সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়।

স্থগিতাদেশ প্রত্যাহারের ঠিক পরপরই ফরিদপুর জেলা শাখার মুখপাত্র কাজী জেবা তাহসিনের পদত্যাগ সংগঠনের ভেতরে নতুন আলোচনার জন্ম দিয়েছে।