২০২৬ সালের বিশ্ব ইজতেমা আগামী জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা আয়োজন করা হবে।”
সাদপন্থিরা ইজতেমা আয়োজন করতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে কেফায়াতুল্লাহ আজহারী বলেন, “তারা গতবার সরকারের কাছে লিখিত দিয়ে শেষবারের মতো ইজতেমার আয়োজন করেছিল। তাই এবার তাদের ইজতেমা করার সুযোগ নেই। তাছাড়া উল্লিখিত তিন দফা বাস্তবায়ন হলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকবে না।”
এর আগে রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, “তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “বর্তমানে নির্বাচনের আমেজ চলছে, আইন-শৃঙ্খলা বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মার্চ মাসে ইজতেমা আয়োজন করা হবে। দুই পক্ষই এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে।”