২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ, নেই রুহুল কবির রিজভী

0
56

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। তবে এই তালিকায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের নাম নেই।

দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল যে রুহুল কবির রিজভী এবার কুড়িগ্রাম-২ আসনে বিএনপির মনোনয়ন পেতে পারেন। তবে ঘোষিত তালিকা অনুযায়ী, ওই আসনে মনোনয়ন পেয়েছেন সোহেল হোসনাইন কায়কোবাদ।

রুহুল কবির রিজভীর পৈত্রিক নিবাস কুড়িগ্রাম জেলায়, ফলে স্থানীয়ভাবে তার প্রার্থিতা নিয়ে বেশ আলোচনা ছিল।

রুহুল কবির রিজভীর রাজনৈতিক যাত্রা
উচ্চ মাধ্যমিকের পর রাজশাহীতে অবস্থানকালে ‘বিপ্লবী ছাত্র ইউনিয়ন’ নামের এক বামপন্থী ছাত্র সংগঠনের মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। রাজশাহী সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন রিজভী। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল) গঠনের পর তিনি এতে যোগ দেন এবং ক্রমান্বয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক, পরে সাধারণ সম্পাদক এবং শেষে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী হন তিনি।

রুহুল কবির রিজভী দীর্ঘদিন ধরে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে দলীয় মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে এবারের নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকায় না থাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে— তিনি কি পরবর্তীতে অন্য কোনো আসনে প্রার্থী হবেন, নাকি এবার সংগঠনিক দায়িত্বেই সীমাবদ্ধ থাকবেন।