চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে সহিংসতা, হানাহানি ও সড়ক অবরোধসহ জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দলটি চার নেতাকে বহিষ্কার করেছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ জারি করা হয়।
বহিষ্কৃতরা হলেন — স্বেচ্ছাসেবক দলের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, এবং যুবদলের সোনাইছড়ীর সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মনোনয়নকেন্দ্রিক বিক্ষোভ ও সহিংসতা সংঘটিত হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায়। এসব কর্মকাণ্ডের কারণে দলের সব ধাপ থেকে চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ জানায়, এখন পরিস্থিতি শান্ত রয়েছে ও আইনশৃঙ্খলা রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।