বগুড়ার শাজাহানপুরে অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার

ছিনতাই নয়, হত্যার পেছনে অন্য কারণের আশঙ্কা পুলিশের

0
63

বগুড়ার শাজাহানপুরে মহাসড়কের পাশে তুঁত বাগান থেকে মোফাজ্জল হোসেন মোফা (৫২) নামের এক অটোরিকশা চালকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলদীঘি এলাকার প্রথম বাইপাস মহাসড়ক সংলগ্ন ওই স্থান থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত মোফাজ্জল উপজেলার খলিশাকান্দি গ্রামের মোবারক আলীর ছেলে।

পুলিশ জানায়, শুধুমাত্র অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটেছে—এমন ধারণা তাদের নয়। ঘটনাটির পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে বলেও মনে করছে তারা।

স্থানীয়রা জানান, সকালে তুঁত বাগানের পাশে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে তারা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে স্বজনরা গিয়ে নিহতের পরিচয় নিশ্চিত করেন।

পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন মোফাজ্জল। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। সারারাত খোঁজাখুঁজির পর সকালে তার মরদেহ উদ্ধার হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “মোফাজ্জলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং গলা অর্ধেক কাটা অবস্থায় পাওয়া গেছে। অটোরিকশাটি এখনো উদ্ধার হয়নি। তবে এটি শুধু ছিনতাইয়ের ঘটনা নয় বলে আমরা মনে করছি। মৃত্যুর রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।”

মোফাজ্জলের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার পেছনে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো জটিল কারণ থাকতে পারে।