ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের হাত থেকে যুবলীগ নেতা ছিনতাই

গ্রেপ্তারের পর হামলা, পুলিশের কাছ থেকে পালালেন গাজী বোরহান উদ্দিন

0
84

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে। বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক এবং তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন গাজী বোরহান উদ্দিন। মামলা থাকা সত্ত্বেও তিনি এলাকায় প্রকাশ্যেই ঘোরাফেরা করছিলেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেপ্তার করে ক্যাম্পে নিয়ে যায়।

গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনের নেতৃত্বে তাদের গোষ্ঠীর প্রায় দেড় থেকে দুই শতাধিক লোক ক্যাম্পের সামনে জড়ো হয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টি করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ দুটি সিএনজি চালিত অটোরিকশায় করে বোরহানকে সরাইল থানায় নেওয়ার চেষ্টা করলে পথিমধ্যে একদল লোক পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের পরও পুলিশ যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। জানা সত্ত্বেও বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে হাতকড়া ছাড়া তাকে নেওয়া ছিল মারাত্মক অবহেলা।”

এ বিষয়ে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান বলেন, “গাজী বোরহান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।” তবে তিনি পুলিশ হেফাজতে আছেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি ফোন সংযোগ কেটে দেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। সে একা ছিল না—তার সঙ্গে প্রায় দুইশ’ জন লোক ছিল। তাদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, পুলিশ অভিযানে রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশের কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।