অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় সেনাবাহিনী: লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান

নির্বাচন হলে স্থিতিশীলতা বাড়বে, সেনাবাহিনী ফিরবে সেনানিবাসে

0
32

দেশের জনগণের মতোই সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন সদর দফতর আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কিত আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, “দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে সময়সীমাও নির্ধারিত আছে। আমরা আশা করি, নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও উন্নত হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি।”

তিনি আরও বলেন, “সরকার যে নির্বাচনী রূপরেখা তৈরি করেছে, তার ভিত্তিতে সেনাবাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। আমাদের বর্তমান প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে হলেও নির্বাচনী দায়িত্বকে ফোকাসে রেখেই পরিচালিত হচ্ছে।”

প্রশিক্ষণ কার্যক্রমের প্রসঙ্গে তিনি বলেন, “শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর মূল দায়িত্ব যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা বলে থাকি—‘We train as we fight’। তাই নির্বাচনী দায়িত্ব পালন করার পাশাপাশি যুদ্ধ প্রস্তুতির প্রশিক্ষণও চালিয়ে যাচ্ছি।”

গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে রয়েছে জানিয়ে তিনি বলেন, “এই সময়টা আমাদের জন্য সহজ ছিল না। সেনাবাহিনী অত্যন্ত প্রতিকূল ও চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। যদি নির্বাচন পর্যন্ত কিংবা তার পরেও কিছুদিন বাইরে থাকতে হয়, তাহলে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম কিছুটা বিঘ্নিত হলেও আমরা দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনী চায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, যেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আমরা আবার সেনানিবাসে ফিরে গিয়ে পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কার্যক্রমে মনোযোগ দিতে পারি।”