ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট নয়, বরং সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই ইঙ্গিত দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি জানান, জামায়াতে ইসলামী বর্তমানে আটটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছে। “আমরা জোট করবো না, তবে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেবো,” বলেন হামিদুর রহমান আযাদ। “অর্থাৎ, এক আসনে একটি দল প্রার্থী দিলে অন্য দল সেই আসনে প্রার্থী দেবে না।”
এ সময় সাংবাদিকরা জানতে চান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে কি কোনো আলোচনা হয়েছে? জবাবে আযাদ বলেন, “ইসলামী দলগুলোর বাইরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা চলছে। আমাদের সঙ্গে আরও কিছু দল যুক্ত হতে পারে।”
তিনি আরও জানান, “আগামীকাল আমরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেব, যেখানে গণভোট জাতীয় নির্বাচনের আগেই আয়োজনের দাবি জানানো হবে। তবে সরকার যে সিদ্ধান্ত নেবে, আমরা সেটিকেও সম্মান জানাব।”
হামিদুর রহমান আযাদ বলেন, বর্তমানে জামায়াতে ইসলামী বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তফসিল ঘোষণার পর নেওয়া হবে।