বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ

0
58

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ব্রাকসু) প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. ফেরদৌস রহমান।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে তিনি নিজেই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমি চাপ নিতে পারব না। আমি গতকালই অপারগতার কথা জানিয়েছি। এর আগেও আমার বিভাগীয় প্রধানের দায়িত্ব শেষ হওয়ার এক বছর আগেই আমি দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, “কেউ কমিশনে থাকতে চান না। তবে ভিসি স্যার আশা করি সবাইকে রাজি করাবেন।”

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ১১৬তম জরুরি সিন্ডিকেট সভায় ছয় সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন: প্রফেসর ড. মো. শাহজামান (পরিসংখ্যান বিভাগ), সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানা (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), ড. মোহ্সীনা আহসান (ইংরেজি বিভাগীয় প্রধান), সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), সহযোগী অধ্যাপক মো. হাসান আলী (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ)।

ড. ফেরদৌস রহমানের পদত্যাগের পর ব্রাকসু নির্বাচনের প্রস্তুতি প্রক্রিয়া অনিশ্চয়তার মুখে পড়েছে বলে জানা গেছে।