কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী এলাকার হাঁসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, তবে কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি একই উপজেলার মালুমঘাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয় ভাই নিহত হয়েছিলেন—যা এখনো স্থানীয়দের স্মৃতিতে বেদনার দাগ হয়ে আছে।