বাংলাদেশ দলের কোচিং প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছেন মোহাম্মদ সালাহউদ্দিন

সমালোচনার চাপে সহকারী কোচের পদ ছাড়লেন; ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ

0
91

বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন অবশেষে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সকালে তিনি বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজনের কাছে পদত্যাগপত্র জমা দেন। ব‌্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও, ভেতরের খবর—প্রবল সমালোচনার চাপ আর কাজের পরিবেশে অসন্তুষ্ট হয়েই সরে যাচ্ছেন তিনি।

সালাহউদ্দিন মূলত সিনিয়র সহকারী কোচ হলেও সাম্প্রতিক সময়ে প্রধান কোচ ফিল সিমন্সকে ছাপিয়ে দলের কার্যক্রমে প্রভাব বিস্তার করছিলেন বলে অভিযোগ উঠেছিল। তিনি সহকারী কোচের পাশাপাশি ব্যাটিং কোচের দায়িত্বও পালন করছিলেন, কিন্তু তার সময়ে ব্যাটিং পারফরম্যান্স ছিল প্রত্যাশার চেয়ে অনেক নিচে। পরিকল্পনার ঘাটতি, ছন্নছাড়া প্রস্তুতি এবং নেতৃত্বের দুর্বলতায় সমালোচনার মুখে পড়েন এই লেভেল-থ্রি সার্টিফায়েড কোচ।

স্থানীয় কোচদের মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা মাসিক পারিশ্রমিক পাওয়া সত্ত্বেও তার সামর্থ্য ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছিল ক্রিকেট মহলে। সালাহউদ্দিনের মেয়াদ ছিল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত, তবে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট ও তিন টি–টোয়েন্টি সিরিজের পর তিনি আর দায়িত্বে থাকছেন না।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে গত কয়েক মাস ধরে সালাহউদ্দিনের সম্পর্ক ছিল টানাপোড়েনপূর্ণ। আজ সকাল সাড়ে ১০টার দিকে তিনি বিসিবিতে উপস্থিত হয়ে পদত্যাগপত্র ফাহিমের কাছে দেওয়ার কথা থাকলেও তাকে না পেয়ে তা জমা দেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজনের কাছে।

বোর্ড সূত্র বলছে, সাম্প্রতিক সমালোচনা এবং গণমাধ্যমের চাপ নিতে না পারায় নিজের কাজ আর উপভোগ করতে পারছিলেন না সালাহউদ্দিন। তাই এক মাসের টার্মিনেশন পিরিয়ড শেষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়তে চান।

বিসিবিতে যোগদানের আগে তিনি মাসকো সাকিব ক্রিকেট একাডেমি, বিপিএলের বিভিন্ন দল এবং ঢাকা লিগের একাধিক ক্লাবের কোচ হিসেবে কাজ করেছেন। ধারণা করা হচ্ছে, জাতীয় দলের দায়িত্ব ছাড়ার পর আবারও ঢাকা লিগে কোচিংয়ে ফিরতে পারেন এই অভিজ্ঞ কোচ।