অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছেন মো. আসাদুজ্জামান

0
69

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। এর জন্য তিনি অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান।

অ্যাটর্নি জেনারেল জানান, তিনি ঝিনাইদহ–১ (শৈলকূপা) আসনে নির্বাচন করবেন।

আসাদুজ্জামান বলেন, “আমি এখনো অ্যাটর্নি জেনারেল আছি। তবে আমি জাতীয় নির্বাচনে ভোট করব, যখন সময় হবে বিস্তারিত জানাব।”

তিনি বলেন, “ঝিনাইদহ-১ থেকে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী মনোনয়ন পাব। যখন সময় হবে তখন পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করব।”

পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ যাকে মনে করবে তিনি হবেন অ্যাটর্নি জেনারেল।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল এবং সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের কর্মকাণ্ড নিয়ে অ্যাটর্নি জেনারেল মন্তব্য করেন, “কোনো একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল।”

উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হওয়ার আগে মো. আসাদুজ্জামান বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। পরে ওই পদ থেকে পদত্যাগ করে তিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন।