আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিবন্ধীবান্ধব করতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে ১৪টি প্রস্তাবনা জমা দিয়েছে ইউএনডিপি ও সাইটসেভার্স ইক্যুয়াল বাংলাদেশ ক্যাম্পেইনসের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনায় এই প্রস্তাবনা তুলে ধরা হয়। এতে বিভিন্ন প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি, নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিবন্ধীদের ভোটে অংশগ্রহণ ও সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে দেওয়া ১৪ দফা প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হলো—
পোস্টাল ভোটিং ব্যবস্থার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ভোটারদের ভোটদানের সুযোগ সৃষ্টি করা,
প্রতিবন্ধী ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশ ও চলাচলে নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা,
ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির অন্তর্ভুক্তি নিশ্চিত করা,
ভোটার রেজিস্ট্রেশন ও ভোটদানের পদ্ধতি সহজ ভাষায় ও সহজলভ্য উপায়ে জানানো,
ভোটকেন্দ্রে প্রশিক্ষিত মহিলা কর্মী নিয়োগ দিয়ে প্রতিবন্ধী নারী ভোটারদের সহায়তা প্রদান,
ভোটকেন্দ্রে র্যাম্প, ব্রেইল ব্যালট ও উপযুক্ত সাইনেজ স্থাপন,
নির্বাচনী প্রচারণায় অন্তর্ভুক্তিমূলক বার্তা প্রচার ও সচেতনতা বৃদ্ধি।

