লতিফ সিদ্দিকীর জামিনে বিচার বিভাগের প্রতি আস্থা ফুটে উঠেছে: বঙ্গবীর কাদের সিদ্দিকী

0
33

বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, “আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি সাধারণ মানুষের এখনো যে আস্থা রয়েছে, তার প্রমাণ বহন করে বলে আমি বিশ্বাস করি।”

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বড় ভাই ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের পর হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল এ বি এম ইব্রাহিম খলিল।

কাদের সিদ্দিকী বলেন, “আমার ৮৬ বছরের বড় ভাই, কিন্তু কাগজে বয়স দেখানো হয়েছে ৭৫ বছর। আমরাই কিন্তু ৮০ পার করেছি। মুক্তিযুদ্ধ করেছিলাম ‘জয় বাংলা’ বলে বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধুই আমার ধ্যান-জ্ঞান, চিন্তা-চেতনা। যতদিন বাঁচবো, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়েই বাঁচবো।”

তিনি আরও বলেন, “এই মামলায় যাদের অন্যায়ভাবে এখনো কারাগারে রাখা হয়েছে, আমি সরকারের শুভবুদ্ধির উদয়ের আহ্বান জানাই— তাদের ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক।”