সিসি ক্যামেরা থাকা ভোটকেন্দ্রের তালিকা দ্রুত পাঠাতে নির্দেশ ইসির

0
41

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিসি ক্যামেরা স্থাপিত ভোটকেন্দ্রগুলোর বিস্তারিত তালিকা প্রস্তুত করে দ্রুত পাঠাতে জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৫ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রতিটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসারকে আগামী ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তালিকাটি ‘নির্বাচন সহায়তা-১ শাখায়’ পাঠাতে হবে।

তালিকার হার্ডকপি ও নিকস ফন্টে সফটকপি উভয়ই নির্ধারিত ছক মোতাবেক জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসি জানায়, ভোটগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ ও ত্রুটিমুক্ত রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের জন্য সিসি ক্যামেরার ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তালিকা হাতে পেলে কোন কোন কেন্দ্রে সিসি ক্যামেরা সক্রিয় রয়েছে তার সার্বিক চিত্র সম্পর্কে কমিশন ওয়াকিবহাল থাকবে, ফলে নির্বাচনী নজরদারি আরও জোরদার করা সম্ভব হবে।

উল্লেখ্য, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।