নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যা করার দায়ে দেবর সাদিকুর রহমান সাদককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর রহমান তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। কিন্তু রাজিয়া টাকা দিতে অস্বীকার করলে, ক্ষুব্ধ সাদিকুর ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাকে।
এরপর রাজিয়ার ঘুমন্ত আট বছরের ছেলে তালহাকেও কুপিয়ে হত্যা করে এবং আলমারিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে দেবর সাদিকুরের সম্পৃক্ততা উদ্ঘাটিত হলে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
দীর্ঘ শুনানি শেষে আদালত দোষ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
মামলাটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান।