গণভোটসহ পাঁচ দফা দাবিতে মিছিল, মৎস্য ভবন মোড়ে আটকে দিল পুলিশ

0
32

জাতীয় নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি নিয়ে যমুনা অভিমুখে যাত্রা করা মিছিলকে রাজধানীর মৎস্য ভবন মোড়ে আটকে দিয়েছে পুলিশ।

তবে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাচ্ছেন আন্দোলনরত আট ইসলামী দলের শীর্ষ নেতারা। প্রতিনিধি দলে রয়েছেন— জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ, খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমী, এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহসভাপতি রাশেদ প্রধান।

এর আগে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে পল্টন মোড় থেকে প্রেসক্লাব অভিমুখে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে মিছিল শুরু হয়। তারা নভেম্বরে গণভোট আয়োজন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।

পূর্ব ঘোষণামতে, শাপলা চত্বর থেকে জামায়াতসহ আট ইসলামী দলের নেতাকর্মীরা পল্টনে মিলিত হন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন, কিন্তু মৎস্য ভবন মোড়েই তাদের অগ্রযাত্রা বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর দক্ষিণাঞ্চল থেকে জামায়াত ও শরিক দলের নেতাকর্মীরা দলে দলে শাপলা চত্বর অভিমুখে আসেন এবং পরে পুরানা পল্টনে একত্রিত হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

তাদের পাঁচ দফা দাবি হলো—

  • জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন।

  • আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চালু।

  • অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

  • বিগত সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।

  • জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

উল্লেখ্য, আন্দোলনে অংশ নেওয়া আটটি ইসলামী দল হলো—
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।