নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে উয়েফা চ্যাম্পিয়নস লিগে আরও একটি দাপুটে জয় তুলে নিল ম্যানচেস্টার সিটি। বুধবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার দল ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বরুশিয়া ডর্টমুন্ডকে। এই জয়ের মাধ্যমে চ্যাম্পিয়নস লিগে নিজেদের অপরাজেয় থাকার রেকর্ড আরও বাড়িয়ে নিল ইংলিশ চ্যাম্পিয়নরা।
সিটির বড় জয়ে উজ্জ্বল ছিলেন তরুণ তারকা ফিল ফোডেন। ম্যাচের ২২ ও ৫৭ মিনিটে জোড়া গোল করে তিনি দলের জয় নিশ্চিত করেন। নরওয়ের গোলমেশিন আর্লিং হাল্যান্ড ২৯ মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে গোল করে নিজের জাত চেনান। আর ইনজুরি সময়ে (৯০+১ মিনিট) চতুর্থ গোলটি করেন বদলি নামা রায়ান শেরকি। ডর্টমুন্ডের হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি আসে ম্যাচের ৭২ মিনিটে, যা করেন ভ্যালডেমার অ্যান্টন।
এই জয়ে চার ম্যাচ শেষে তিন জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করে সিটি উঠে এসেছে চতুর্থ স্থানে। তবে চার ম্যাচেই জয় নিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। সমান পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে রয়েছে আর্সেনাল ও ইন্টার মিলান।
রাতের অন্য গুরুত্বপূর্ণ ম্যাচে ক্লাব ব্রুগার মাঠে এক রোমাঞ্চকর লড়াইয়ে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও শেষ মুহূর্তে তারা সমতা ফিরিয়ে মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেতিক বিলবাও অবশ্য ২-০ গোলে নিউক্যাসলের কাছে হেরেছে।
ইতালিয়ান ক্লাবগুলোর মধ্যে ইন্টার মিলান ও আতালান্তা টানটান ম্যাচে যথাক্রমে ২-১ ও ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে। বায়ার লেভারকুসেন বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে এই আসরে প্রথম জয়ের স্বাদ পেয়েছে। অন্যদিকে, চেলসি আজারবাইজানের ক্লাব কারাবাগ এফকের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে।