অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত রোমাঞ্চকর সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড মাত্র ৩ রানের নাটকীয় জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। বৃহস্পতিবারের এই জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরল কিউইরা। ২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রোভম্যান পাওয়েলের আগুনঝরা ইনিংসের পরও শেষ পর্যন্ত জয় অধরা থেকে যায় সফরকারী ওয়েস্ট ইন্ডিজের।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড শুরুতেই ভালো ভিত পায়। ডেভন কনওয়ে ও টিম রবিনসন সাত ওভারে ৫৫ রানের জুটি গড়েন। এরপর রাচিন রবীন্দ্র ও মার্ক চ্যাপম্যান ইনিংসের হাল ধরেন। ১৩ ওভারের শেষে দলীয় স্কোর ৮১/২ থাকা অবস্থায় চ্যাপম্যান মারমুখী ব্যাটিং শুরু করেন।
মারমুখী চ্যাপম্যান: রোমারিও শেফার্ডের এক ওভারেই তিন ছক্কা ও এক চার মেরে ঝড় তোলেন তিনি। এরপর জেডেন সিলসের ওভার থেকেও আসে ২৩ রান। রবীন্দ্র আউট হওয়ার পর ড্যারিল মিচেল এসে আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান। আখিল হোসেইনের এক ওভার থেকে মিচেল-স্যান্টনার তিনটি ছক্কা তুলে নিয়ে স্কোর দ্রুত এগিয়ে দেন।
শেষ চার ওভারে আসে ৮২ রান। শেষ ওভারে মিচেল স্যান্টনার ও মিচেলের আক্রমণে আরও ১৯ রান যোগ হলে নিউজিল্যান্ড তাদের ইনিংস ২০ ওভারে ২০৭/৫-এ শেষ করে। মার্ক চ্যাপম্যান ৭৮ ও টিম রবিনসন ৩৯ রান করেন।
২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ধীর ও বিপর্যয়কর। প্রথম ওভারেই ব্র্যান্ডন কিং শূন্য রানে আউট হন। পাওয়ারপ্লে শেষেও রান আসে কেবল বলের সমান। একের পর এক উইকেট হারিয়ে ১১ ওভারে দলটির স্কোর দাঁড়ায় ৭৪/৪। ১৩তম ওভারের শেষে স্কোর ছিল ৮৩/৬।
এরপরই শুরু হয় নিচের সারির ব্যাটারদের ঝড়। রোভম্যান পাওয়েল মাত্র ১৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ম্যাচে উত্তেজনা ফেরান। তাকে দারুণ সঙ্গ দেন রোমারিও শেফার্ড (১৬ বলে ৩৪) ও ম্যাথিউ ফোর্ড (১৩ বলে অপরাজিত ২৯)।
চার ওভারে ৭৫ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে ফেরে। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। কিন্তু পেসার কাইল জেমিসন তার ধীরগতির বলের ভেলকিতে মাত্র ৩ রান দেন এবং দলকে নাটকীয় ৩ রানের জয় এনে দেন। ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ২০৪/৮-এ থেমে যায়।