বিএনপি-জামায়াত যে কারও সঙ্গে জোট হতে পারে: নাসীরুদ্দীন পাটওয়ারী

0
27

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি অথবা জামায়াত—যে কারও সঙ্গে তাদের দলের জোট হতে পারে। তবে এর জন্য কিছু শর্ত পূরণ করতে হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশ একটি সংকটকালীন মুহূর্তে রয়েছে। সেই জায়গায় বিএনপি ও জামায়াত যদি সংস্কার প্রক্রিয়াগুলো নিয়ে এক জায়গায় আসে এবং তা ভবিষ্যতে বাস্তবায়ন করবে—এই প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি অথবা জামায়াত যে কারও সঙ্গে আমাদের জোট হতে পারে।’

তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, তাদের দাবি অনুযায়ী বিচার ও সংস্কারের প্রাথমিক শর্ত যদি পূরণ না হয়, তাহলে তারা কোনো পক্ষের সঙ্গেই জোটে যাবেন না।

এদিকে, সংসদ নির্বাচন সামনে রেখে এনসিপি মনোনয়নের জন্য আবেদন ফরম বিতরণ শুরু করেছে। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা ধরা হয়েছে। তবে জুলাই যোদ্ধা এবং নিম্ন আয়ের মানুষের জন্য তা দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে এবং ১৫ নভেম্বর দলের প্রাথমিক মনোনয়ন ঘোষণা করা হবে বলে তিনি জানান।