সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট

0
64

রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই জামিনের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল।

একই মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকেও জামিন দিয়েছেন আদালত।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল ও আল আমিন হোসেন।

এর আগে, গত ২৯ আগস্ট একই মামলায় লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্জনসহ মোট ১৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

মামলাটি দায়ের করেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিরুল ইসলাম।

অন্য আসামিরা হলেন— আব্দুল্লাহ আল আমিন (৭৩), মঞ্জুরুল আলম (৪৯), কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (৭২), গোলাম মোস্তফা (৮১), মহিউল ইসলাম ওরফে বাবু (৬৪), জাকির হোসেন (৭৪), তৌছিফুল বারী খান (৭২), আমির হোসেন সুমন (৩৭), আল আমিন (৪০), নাজমুল আহসান (৩৫), সৈয়দ শাহেদ হাসান (৩৬), শফিকুল ইসলাম দেলোয়ার (৬৪), দেওয়ান মোহাম্মদ আলী (৫০) ও আব্দুল্লাহীল কাইয়ুম (৬১)।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ আগস্ট সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ ব্যানারে আয়োজিত গোলটেবিল বৈঠকে আব্দুল লতিফ সিদ্দিকী “সশস্ত্র আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রমূলক বক্তব্য” দেন এবং অন্যদের প্ররোচিত করেন।

বৈঠক শেষে ৭০ থেকে ৮০ জন অংশগ্রহণকারীর মধ্যে থেকে ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তে জানা যায়, ‘মঞ্চ ৭১’ সংগঠনটির ঘোষিত লক্ষ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির প্রতিহত করা, তবে পুলিশের দাবি—এই প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার উৎখাতের ষড়যন্ত্র চালানো হচ্ছিল।