সুন্দরবন থেকে দুর্ধর্ষ ‘দুলাভাই বাহিনী’র সদস্য অস্ত্রসহ আটক

0
27

সুন্দরবনের কুখ্যাত ডাকাত দল ‘দুলাভাই বাহিনী’র এক সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সুন্দরবনের কুমড়োকাঠি খাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে কোস্ট গার্ড জানতে পারে যে দুলাভাই বাহিনীর সদস্যরা ওই এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা বনের ভেতরে পালানোর চেষ্টা করে। পরে আভিযানিক দল ধাওয়া করে কামরুল সরদার (৫৫) নামের দুলাভাই বাহিনীর এক সদস্যকে আটক করে। কামরুল সরদার সাতক্ষীরা জেলার আশাশুনি এলাকার বাসিন্দা।

আটককৃতের কাছ থেকে ১টি একনলা বন্দুক, ৩ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামরুল সরদার জানান যে তিনি দীর্ঘদিন ধরে দুলাভাই বাহিনীর সঙ্গে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন। কোস্ট গার্ড কর্মকর্তা জানান, জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।