‘আগামী বাংলাদেশের রিহার্সেল হচ্ছে ছাত্র সংসদে’: জামায়াত আমির

0
80

আগামীতে দেশের মানুষ কেমন বাংলাদেশ দেখতে চায়, তার রিহার্সেল এখন ছাত্র সংসদগুলোতে চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)-এর কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, “আমি ও দেশবাসী তারুণ্যনির্ভর বাংলাদেশ দেখতে চাই। অনেকেই জানতে চান, আগামী বাংলাদেশ কেমন হবে? আমি বলি, ছাত্র সংসদে নির্বাচিতদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়গুলো যেমন হবে, আগামীর বাংলাদেশও তেমন হবে।”

নির্বাচিত ছাত্রনেতাদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা নতুন নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসে পরিবর্তন আনবে, জাতির স্বপ্নসারথি হবে। বিশ্ববিদ্যালয়ে মেধাবীদের পাওনা আদায় করতে হবে। আগামী বাংলাদেশের প্রস্তুতি এখন ছাত্র সংসদগুলোতেই চলছে।”

প্রত্যাশা ব্যক্ত করে ডা. শফিকুর রহমান আরও বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হবে। গবেষণার সুযোগ না থাকায় আমরা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় পিছিয়ে আছি। এই পরিবেশ গড়ে তোলা এখন তোমাদের দায়িত্ব।”

ছাত্রনেতাদের উদ্দেশে জামায়াত আমির আরও বলেন, “তোমাদের শতভাগ সফল হতে হবে। ক্যাম্পাসে যে ভাটা পড়েছে, তাতে জোয়ার ফেরাতে হবে। ভবিষ্যতের বৃহৎ নেতৃত্বের জন্য এখনই প্রস্তুত হও। তোমরা ককপিটে বসে দেশ চালাবে, আমরা পেছন থেকে পরামর্শ দেব। ভুল করলে সতর্ক করব, সংশোধন না হলে সরিয়ে দেব। আমার বিশ্বাস, তোমরা পর্বতপ্রমাণ বাধা অতিক্রম করতে পেরেছ—এই দেশটাও তোমরাই গড়বে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম এবং পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। এতে চার বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা ও শিবিরের সাবেক নেতারাও উপস্থিত ছিলেন।