ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম বলেছেন, “নতুন বাংলাদেশে মুক্তিযুদ্ধ ও জুলাই ব্যবসা চলবে না।”
শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ডাকসুর নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ভিপি সাদিক কায়েম বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব ছিল জুলাই শহীদদের আকাঙ্ক্ষা ধারণ করে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনা। কিন্তু দেড় বছর পার হয়ে গেলেও হাসিনা ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি রায়ও দিতে পারেনি সরকার।”
তিনি আরও বলেন, “সংস্কার প্রস্তাবে ভেটো দিলে আপনাদের পরিণতি ফ্যাসিস্টদের থেকেও ভয়াবহ হবে।”
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডাকসু ভিপি বলেন, “সংস্কার প্রস্তাব নিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে। নতুন বাংলাদেশ গড়তে হলে সব দলকেই ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।”