বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করছে রামপাল ফায়ার সার্ভিস ও পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোংলা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস তেতুলিয়া ব্রিজ ও বেলাই ব্রিজের মাঝামাঝি স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়া হলে সেখানেও তিনি মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করেছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, “দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীবাহী বাসটি উদ্ধার এবং নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে।”