৭ নভেম্বরের বিপ্লব আধিপত্যবাদের চক্রান্ত বানচাল করে বহুদলীয় গণতন্ত্র এনেছিল: মির্জা ফখরুল

0
50

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও দেশপ্রেমিক মানুষ ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্তকে বানচাল করে দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব জিয়াউর রহমানকে গৃহবন্দি অবস্থা থেকে উদ্ধার করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করেন।

শুক্রবার (৭ নভেম্বর) জাতীয় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব।

প্রগতির টার্নিং পয়েন্ট

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ৭ নভেম্বরের এই ঘটনা ছিল বাংলাদেশের প্রগতির ‘টার্নিং পয়েন্ট’। জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের একদলীয় বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র এনে দেন, বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করেন।

তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান তার রাষ্ট্র পরিচালনার মাত্র চার বছরের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার আমূল সংস্কার সাধন করেন। তিনি একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন। একইসঙ্গে তিনি মুক্তবাজার অর্থনীতি চালু করে সুখী ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের যে ভিত্তি স্থাপন করেছিলেন, পরবর্তীকালে তার ওপর ভিত্তি করেই দেশ এগিয়ে যায়।

বিএনপি মহাসচিব বলেন, এই দিনটি শুধু বিএনপির কাছে নয়, বাংলাদেশের গণতান্ত্রিক মানুষের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ৭ নভেম্বর

গণঅভ্যুত্থানের পর আজ বাংলাদেশে বিভিন্ন রকম চক্রান্ত চলছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই পরিচালিত করে, যে পথে গেলে সত্যিকারের গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারব। তিনি জনগণের ভোটের অধিকার এবং বিচারের অধিকার নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।