রাজশাহীর চারঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ যুবকের করুণ মৃত্যু

0
34

রাজশাহীর চারঘাট উপজেলার শিবপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন যুবকের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় চারঘাট-লালপুর মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন চামতা গ্রামের মোহাম্মদ আলী তুহিন (২৫), মারুফ ইসলাম জয় (১৮) এবং শিবপুর এলাকার মো. শিমুল (২৫)।

চারঘাট মডেল থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে তুহিন, জয় ও শিমুল মোটরসাইকেলে বানেশ্বর এলাকা থেকে চারঘাটের দিকে যাচ্ছিলেন। পথে শিবপুর এলাকার একটি পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে তারা সামনের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে ওভারটেক করার চেষ্টা করেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের দ্রুত খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।